প্যারাস্যুটিংয়ে থাকবেন আশিক চৌধুরী: হেলমেটে ওসমান হাদির ছবি

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে বিজয় দিবসে প্যারাট্রুপিং করবেন আশিক চৌধুরী।

টুইট ডেস্ক: মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বাংলাদেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপারের স্কাইডাইভিংয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি চলছে। এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিশেষ বৈশিষ্ট্য হলো—তিনি প্যারাট্রুপিং করবেন শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌত উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেবেন। এটি হবে বিশ্বের সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী শরিফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে জাম্প করবেন।

পোস্টে আরও বলা হয়, “বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।”

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আশিক চৌধুরী ব্যাক্তিজীবনে অভিজ্ঞ স্কাইডাইভার। ২০২৪ সালে তিনি বাংলাদেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। এবারের আয়োজনেও তার অংশগ্রহণ বিজয় দিবসকে আরও স্মরণীয় করে তুলবে।

এই বিশ্বরেকর্ড প্রচেষ্টা ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠিত হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।