নারী কোপায় নাটকীয় শিরোপা ব্রাজিলের

তিনবার পিছিয়েও ইতিহাস গড়ল ব্রাজিল: নারী কোপা আমেরিকায় পঞ্চমবার টানা চ্যাম্পিয়ন

টুইট ডেস্ক: নারী কোপা আমেরিকা ২০২৫-এর ফাইনাল হয়ে রইল মনে রাখার মতো এক রুদ্ধশ্বাস লড়াই। তিনবার পিছিয়ে পড়েও ব্রাজিল ৪-৪ গোলে ম্যাচটি ড্র করে ফেলে কলম্বিয়ার সঙ্গে।

এরপর টাইব্রেকারে নাটকীয় এক জয় তুলে নেয় তারা। ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে জিতে টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে সেলেসাও নারীরা।

এবারের শিরোপা নিয়ে মোট ৯ বার নারী কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। প্রতিযোগিতার ইতিহাসে এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে আটবারই ট্রফি জিতেছে তারা। শুধুমাত্র ২০০৬ সালে আর্জেন্টিনার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল। আর কলম্বিয়াকে তারা শেষ পাঁচ আসরের মধ্যে চারবার ফাইনালে হারিয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হয় ইকুয়েডরের রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে। সেখানে যোগ করা সময়ের পঞ্চম মিনিটেও ৩-২ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সেই মুহূর্তে ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৩-৩ গোলে।

অতিরিক্ত সময়ের শুরুতেই ব্রাজিল এগিয়ে যায় মার্তার দ্বিতীয় গোলে। স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। তবে দশ মিনিট পরই কলম্বিয়ার লেইসি সান্তোস আবার গোল করে ম্যাচ ৪-৪ সমতায় নিয়ে আসেন। এরপর আর কোনো দল গোল না করতে পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারেও উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের গোলরক্ষকরা বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। তবে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে জিতে যায় ব্রাজিল। কলম্বিয়া কাঁদে আবারও ফাইনালে এসে ট্রফি হাতছাড়া করে।

ম্যাচের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন মার্তা। বয়স ৩৯ হলেও তিনি একাই ব্রাজিলের খেলা বদলে দিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ গোল করার পাশাপাশি মাঠে ছিলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ী। মার্তার পারফরম্যান্সই ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি ছিল।

এই জয়ে ফুটবল বিশ্বে আরেকবার নারী ব্রাজিল দলের আধিপত্য প্রমাণ হলো। একইসঙ্গে ফুটবল ইতিহাসে এই ম্যাচটি জায়গা করে নিল চরম নাটকীয়তা ও ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত দৃষ্টান্ত হিসেবে।